২৪ আগস্ট, ২০২৬
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ সাফল্য পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন, ৫টিতে রানার-আপ এবং ৬টিতে দ্বিতীয় রানার-আপ হয়েছে যবিপ্রবির দল।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সংবর্ধনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবির খেলোয়াড়েরা মোট ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন, ৫টি ইভেন্টে রানার-আপ এবং ৬টি ইভেন্টে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্টের মধ্যে যবিপ্রবি ১১টিতে অংশ নেয়। এতে ৯৩ জন খেলোয়াড়ের একটি দল অংশগ্রহণ করে। দলের মধ্যে ৬৬ জন ছাত্র ও ২৭ জন ছাত্রী ছিলেন। ইভেন্টভিত্তিক সাফল্যের মধ্যে ছাত্রী ফুটবল, ছাত্র ও ছাত্রী হ্যান্ডবল, ছাত্র কাবাডি এবং ছাত্রী সাঁতারে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবি। ছাত্র ও ছাত্রী অ্যাথলেটিক্স, ছাত্র সাঁতার এবং ছাত্র ও ছাত্রী ভলিবলে রানার-আপ হয় বিশ্ববিদ্যালয়টি।
এছাড়া, ছাত্রী ব্যাডমিন্টন, ছাত্র ফুটবল, ছাত্র ও ছাত্রী তায়কোয়ান্দো এবং ছাত্র-ছাত্রী যৌথ টেবিল টেনিসে দ্বিতীয় রানার-আপ হয় যবিপ্রবি। ব্যক্তিগত ইভেন্টে জুডো প্রতিযোগিতায় যবিপ্রবির ছাত্রীরা একটি স্বর্ণপদক এবং ছাত্ররা দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। পাশাপাশি ছাত্র বাস্কেটবল ও ছাত্র ব্যাডমিন্টন ইভেন্টেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের দল।
সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি তাদের সাফল্যের পেছনে অবদান রাখা কোচ ও ম্যানেজারদের মেধা, অভিজ্ঞতা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের প্রাক্তন পরিচালকদেরও সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর পদকজয়ী খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান। খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি আমাদের নিয়মানুবর্তিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও শেখায়। আমাদের শিক্ষার্থীরা মাঠের লড়াইয়ে যে দক্ষতা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে যে যবিপ্রবির শিক্ষার্থীরা কেবল পড়াশোনায় নয়, ক্রীড়াঙ্গনেও দেশসেরা হওয়ার যোগ্যতা রাখে।”
তিনি খেলোয়াড়দের আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের সাফল্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নে সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করি, এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে আরো বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে এবং তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফারুক হাসান খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “জীবন মানেই নানা ঘাত-প্রতিঘাত। তবে সব বাধা মোকাবিলা করে শিক্ষার্থীদের বারবার ঘুরে দাঁড়াতে হবে। জয়-পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের চূড়ান্ত সফলতার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রায়হান রাকিব।