২৪ আগস্ট, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প গ্রহণ করায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঐতিহ্য সংরক্ষণেও মার্কিন দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মার্কিন দূতাবাসের জেমস এ. স্টুয়ার্ট, রায়হানা সুলতানা, ফারোহা সোহরাওয়ার্দী, মো. ইকবাল মাহমুদ এবং এ. কিউ. এম. মুশফিক হাসান।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের সহযোগিতায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, মার্কিন বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পাবলিক লেকচার আয়োজনের বিষয়েও আলোচনা করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।