ঢাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

২৫ আগস্ট, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। ৭২ শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়।

এ উপলক্ষে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রকৌশলী ময়নুল আবেদিন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক রাকিন নাওয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুস সালাম বলেন, “চারুকলার অনেক শিক্ষক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বর্ষবরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য সংরক্ষণে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি বলেন, “ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলা অনুষদ অনন্য ভূমিকা রেখেছে।” ভবিষ্যতেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে চারুকলার এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিবছর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও উদ্যমী ও পরিশ্রমী করে তোলে।” তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শৈল্পিক কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এবারের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী ঝলক সাহা ‘আনোয়ারুল হক পুরস্কার’ (সকল মাধ্যমে শ্রেষ্ঠ) এবং বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈকত কুমার মিস্ত্রী ‘রফিকুন নবী বিশেষ পুরস্কার’ (বিএফএ-তে শ্রেষ্ঠ) অর্জন করেন।

এছাড়া, মাধ্যমভিত্তিক পুরস্কারে নিরীক্ষাধর্মী কাজের জন্য এমএফএ দ্বিতীয় পর্বের নিহা রানী দাস, তেলরঙে বিএফএ চতুর্থ বর্ষের মোছা. মোমেনুন নেছা সুরমা, জলরঙে বিএফএ তৃতীয় বর্ষের অভিজিৎ চন্দ্র দে এবং পেনসিলে বিএফএ দ্বিতীয় বর্ষের তাসনিম তারেক তূর্ণা পুরস্কার পেয়েছেন।

ড্রইংয়ে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এমএফএ দ্বিতীয় পর্বের মো. ফাহিম চৌধুরী। এছাড়া, কাজী আব্দুল বাসেত স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ চতুর্থ বর্ষের আল-ফুরকান নয়ন, দেলোয়ার হোসেন স্মৃতি পুরস্কার পেয়েছেন এমএফএ প্রথম পর্বের নৈঋতা পাল কৃষ্ণা, মাহবুবুল আমিন স্মৃতি পুরস্কার পেয়েছেন এমএফএ দ্বিতীয় পর্বের মং সোনাই রাখাইন, মতলুব আলী স্মৃতি পুরস্কার পেয়েছেন এমএফএ দ্বিতীয় পর্বের দেবাজ্যোতি বর্ষণ, শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ প্রথম বর্ষের শাশ্বত মজুমদার কাব্য এবং পেনসিলে বিশেষ পুরস্কার পেয়েছেন বিএফএ প্রথম বর্ষের প্রিয়াস দাস।

অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বিএফএ ও এমএফএ-এর ৭২ জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।