মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

২৫ আগস্ট, ২০২৬

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টংগিবাড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মুসলিম সুইটস অ্যান্ড বেকারি মনিটরিং করে দেখা যায়, প্রতিষ্ঠানটির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।

এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইকবাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।