৩১ আগস্ট, ২০২৬
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’কে (৩৫) মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি দল সুরতহাল প্রতিবেদন তৈরি করে জাহেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান আছে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে।
জানা গেছে, নিহত জাহেদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের কালীনগর এলাকার বাসিন্দা। তিনি পুলিশের খাতায় ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত ৩৩০ দুষ্কৃতিকারীর মধ্যে এক নম্বরে ছিলেন।
তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, রবিবার রাত ১০টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন জাহেদুল। দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা জাহেদুলকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ১৯ জানুয়ারি রাতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে পুরানগড় এলাকায় ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন জাহেদ। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জাহেদুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের বেচাকেনা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসার আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ’