২৫ দিনে সংস্কার, খুলে দেওয়া হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

২৯ আগস্ট, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজটি মাত্র ২৫ দিনে সংস্কার শেষে পুনরায় খুলে দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে ও নিবিড় তত্ত্বাবধানে জরাজীর্ণ ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ। দ্রুততম সময়ে গুরুত্বের সঙ্গে জরাজীর্ণ ব্রিজটির সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি তাদের চলাচলের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী স্থাপনাটি সংরক্ষণের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ডিএসসিসি প্রশাসক ঘোষণা দেন, এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ফলে যানবাহনের চাপ ও ঝুঁকি কমিয়ে পথচারীদের নিরাপদ চলাচলের উপযোগী করে ব্রিজটি ব্যবহার করা হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ১৪৫ মিটার দৈর্ঘ্য ও ৪ দশমিক ২ মিটার প্রস্থের এই ব্রিজটি কামরাঙ্গীরচর এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে ব্রিজটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় ব্রিজটি দিয়ে চলাচলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তাঝুঁকিও ছিল।

মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করে ব্রিজটি পুনরায় খুলে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংস্কারের ফলে একদিকে যেমন গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথের ব্যবহারকারীদের দুর্ভোগ কমেছে, অন্যদিকে ঐতিহ্যবাহী ব্রিজটি সংরক্ষণের উদ্যোগও বাস্তব রূপ পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।