এমসিএক্স ইন্ডিয়া সফরে সিএসই ব্রোকারদের টিম

০৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর একটি ব্রোকারেজ প্রতিনিধিদল ভারতের মুম্বাইয়ে অবস্থিত মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স ইন্ডিয়া) পরিদর্শনে রয়েছে। প্রতিনিধদলটি কমোডিটি এক্সচেঞ্জ এবং ডেরিভেটিভস ট্রেডিং সংক্রান্ত ব্যবসায়িক মডেল সম্পর্কে সম্যক ধারণা লাভের উদ্দেশ্যে এমসিএক্স ইন্ডিয়ার কয়েকটি ব্রোকার হাউজ পরিদর্শন করেছেন।

সিএসইর ব্রোকারদের প্রতিনিধিদলটি গত ৩০ আগস্ট থেকে এমসিএক্স ইন্ডিয়া সফরে রয়েছে। এই সফরে সিএসইর শীর্ষস্থানীয় নয়টি ব্রোকারেজ হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন। এমসিএক্স সফরে ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং-এর নিয়ম, প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে সরেজমিনে অভিজ্ঞতা অর্জন করছেন। সিএসই’র পিআরডি বিভাগের কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএসই জানায়, চেলা সফট প্রাইভেট লিমিটেড আয়োজিত দীর্ঘ কর্মশালায় অংশগ্রহণ করেন এমসিএক্স-এর সাবেক ব্যস্থাপনা পরিচালক ফ্রগাস্ক পারাজ্যাপো। ৩০ আগস্ট মুম্বাইয়ে অবস্থিত দ্য ললিত মুম্বাই এর সভাকক্ষে ‘অপারেশনাল আসপেক্টস অফ কমোডিটি ডেরিভেটিভস এ ব্রোকারেজ পারস্পেক্টিভ' শীর্ষক কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন এমসিএক্স-এর প্রাক্তন চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার (সিআরএমও) শ্রী গিতেশ শাহ এবং চেলা সফট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী সুব্বাইয়া রাজাগোপালা। তারা এমসিএক্স ইন্ডিয়ার অফিস পরিদর্শন করেন এবং "অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস বিষয়ে উপস্থাপনা পর্বে যোগদান শেষে এমসিএক্সসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিএক্স-এর সাবেক চিফ বিজনেস অফিসার ঋষি নাথানির সাথে বৈঠক করেন।

সিএসইর উপ-মহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল হুদার নেতৃত্বে লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজের সমন্বয়ে নয় ব্রোকারের টিম এমসিএক্স-এর হাউজগুলো পরিদর্শন এবং একাধিক কর্মশালায় অংশগ্রহণ করেন।