শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন

০৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দাবি নয়, এটি নাগরিক অধিকারের অংশ। দেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শোভন কাজ ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে সরকার প্রস্তুত।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্‌স) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‌নিরাপদ পরিবেশ ও শোভন কাজের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। শিল্প খাতে স্থিতিশীলতা, আস্থা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মালিক-শ্রমিক ঐক্যের প্রয়োজন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিল্‌সের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞাঁ সভাপতিত্ব করেন। স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিল্‌সের মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন, সরকার, নিয়োগকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।