স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যে পানীয়

১৪ আগস্ট, ২০২১

‘ডায়েট’ সোডা বা কোমল পানীয় দিনে একবার পান করলেও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।চলতি সময়ে পণ্য প্রচারের অংশ হিসেবে কৃত্রিম চিনি স্বাস্থ্যকর হিসেবে বলা হলেও ব্যাপারটা উল্টো। যারা মনে করছেন অন্যান্য কোমল পানীয়র চেয়ে ‘ডায়েট সোডা’ নিরাপদ, তা আসলে ভুল।

‘আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) সমীক্ষা অনুযায়ী, এক-তৃতীয়াংশ মানুষের প্রথমবার স্ট্রোক হওয়ার জন্য দায়ী উচ্চ রক্তচাপ।যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’য়ের সমীক্ষায় দেখা গেছে, ৭৭ শতাংশ লোকের প্রথমবার স্ট্রোকের কারণ হলো উচ্চ রক্তচাপ; যা ১৪০/৯০ এমএম এইএইচজি থেকে বেশি, যেখানে ১২০/৮০-এর কমকে স্বাভাবিক ধরা হয়। তাই স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

অ্যালকোহল, লবণ প্রভৃতি খাওয়া বাদ দেয়ার পরও অনেক সময় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় না। এর কারণ খুঁজতে গিয়ে এক গবেষণায় দেখা গেছে, দিনে একবার কোমল পানীয় পান স্ট্রোকের ঝুঁকিকে তিন গুণ বাড়িয়ে তোলে।২০১৭ সালে ‘স্ট্রোক’ জার্নালে ‘বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’র কৃত্রিম মিষ্টি কোমল পানীয়ের ওপর দীর্ঘমেয়াদি গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

৪৫ বছর বয়সী তিন হাজার অংশগ্রহণকারীর ওপর ১০ বছরের গবেষণায় তাদের খাদ্যাভ্যাসের ওপর করা প্রশ্নাবলির ফলাফল থেকে জানা যায়, যারা প্রতিদিন একটি করে ডায়েট সোডা পান করত তাদের স্ট্রোকের ঝুঁকি যারা ডায়েট সোডা পান করেন না, তাদের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল। আর ‘ইস্কেমিক স্ট্রোক’র ঝুঁকি ছিল প্রায় তিন গুণ।গবেষকরা বলেন, আমাদের গবেষণায় স্ট্রোকের ঝুঁকি, বিশেষ করে ‘ইস্কেমিক স্ট্রোক’য়ের সাথে কৃত্রিম মিষ্টি পানীয় গ্রহণের যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়।

একটি প্রতিবেদনে গবেষণা অনুযায়ী আরো জানানো হয়, যারা নিয়মিত সোডা পান করেন, তাদের স্মৃতিভ্রংশেরও সমস্যা দেখা দেয়।বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ৬০ বছর বয়স্ক ১৫ শ’ জন অংশগ্রহণকারীর ওপর করা গবেষণা থেকে জানা যায়, ডায়েট সোডা পান করা স্মৃতিভ্রংশের জন্য দায়ী।তাদের গবেষণা অনুযায়ী, যারা দিনে একবার হলেও কৃত্রিম মিষ্টি পানীয় পান করেন তাদের সাধারণের চেয়ে স্মৃতিভ্রংশের ঝুঁকি দ্বিগুণ হয়ে থাকে।

গবেষকরা জানান, ‘আমরা গবেষণা করে দেখেছি যে, কৃত্রিম মিষ্টি কোমল পানীয় স্মৃতিভ্রংশ রোগ ও এই রোগের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।’গবেষকদের মতে, ডায়েট সোডাকে কোনোভাবেই স্বাভাবিক সোডার বিকল্প হিসেবে প্রচার করা যাবে না।‘এএইচএ’ অনুযায়ী ২০১৭ সালের সমীক্ষাসহ কয়েকটি বড় গবেষণা থেকে জানা যায়, টাইপ ২ ডায়াবেটিস, ‘হার্ট অ্যাটাক’, রক্তনালীর নানান সমস্যা, স্ট্রোক ও স্মৃতিবিভ্রাটসহ নানান ধরনের স্বাস্থ্য সমস্যা সোডা পান করার কারণে দেখা দেয়।