২০ আগস্ট, ২০২১
করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মধ্যেই রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।
আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে মুসলিম বিশ্বে।
প্রতিবছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল হয় তবে এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। তারপরও নিষেধাজ্ঞার উপেক্ষা করে রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, করোনা বিধিনিষেধের কারণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেয়া হবে না।
মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।