২৫ আগস্ট, ২০২১
বিবাদ থামাতে গিয়ে পাবনার সুজানগরে ধাক্কায় রহিম মোল্লা (৬৬) নামের এব বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রহিম মোল্লা সুজানগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তেতনা মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীপুর গ্রামের মাছিম আলীর বাড়ির উঠোনে মঙ্গলবার রাতে কে বা কারা মানুষের বিষ্ঠা রেখে দেয়। বুধবার সকালে মাছিম আলী দেখতে পেয়ে এ ঘটনায় একই গ্রামের প্রতিবেশী খলিল ফকিরকে দোষারোপ করলে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় গ্রাম্য প্রধান রহিম মোল্লা তাদের কথা কাটাকাটি থামানোর চেষ্টা করেন। মাছিম আলী রেগে গিয়ে বৃদ্ধ রহিম মোল্লাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রহিম মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানান।