২৪ সেপ্টেম্বর, ২০২১
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত রাজু আহম্মেদ দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার সময় এই ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিদিনের মত রাজু বাসায় ঘুমিয়ে ছিলো। হঠাৎ করে দূর্বৃত্তরা পুরো বাড়ি ঘেড়োয়া করে রাজুকে তার ঘর থেকে বের করে মাথায় গুলি করে। দূর্বৃত্তদের গুলিতে রাজু আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষনা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। ধারনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত রাজু আহম্মেদ মামুন গ্রুপের সমর্থক বলে জানিয়ে ওসি আরো বলেন এই ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।