১০ অক্টোবর, ২০২১
জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পানিতে মানববন্ধন করেছে যশোরের মনিরামপুরের ভবদহ এলাকার জনগন।আজ রোববার (১০ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় উপজেলার বালিদা পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে পানি কমিটি।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, হরি-রিভার বেসিন পানি কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ভুক্তভোগী এলাকার নেতৃবৃন্দ।
বক্তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার বাস্তবায়ন ও আমডাঙ্গা খাল প্রসস্ত করে কাটাসহ এ এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত মানবিক সহায়তা প্রদানের দাবি জানান। দফায় দফায় ভারি বৃষ্টি আর বহিরাগত পানির চাপে তলিয়ে গেছে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রাম।
ডুবে গেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে মাছের ঘের। বাড়ি-ঘরে পানি ওঠায় মানবেতর জীবন যাপন করছে ওইসব গ্রামের কমপক্ষে ৩ লক্ষাধিক পরিবার। তাই আর আশ্বাস নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার-এমনটাই দাবি ভুক্তভোগি মানুষের। কর্মসূচিতে ভবদহ এলাকার ৩ সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।