☰
✕

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

১২ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলের দিকে কাউতুলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার মালিকানাধীন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বগুড়া জেলার সোনাতলা থানার বিশ্বনাথপুর গ্রামের জহুরুলের ছেলে। কাজের সুবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী দাতিয়ারা এলাকায় ফারুক মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে সুজন ওই নির্মাণাধীন ভবনের পাঁচতলার ছাদে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।