২৫ অক্টোবর, ২০২১
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনে ঐ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন,উক্ত ইউনিয়নের দুই জন মেম্বার প্রার্থী নিজেদের বিজয় সুনিশ্চিত করতে ভূল তথ্য প্রদানের মাধ্যমে ভোট কেন্দ্রটি তাদের বাড়ির নিকট নিতে চাচ্ছে। জনস্বার্থে ভোট কেন্দ্রটি পূর্বের স্থানেই অথবা সরকারি কমিউনিটি ক্লিনিক বা প্রাইমারি স্কুলে প্রতিস্থাপনের জোর দাবি জানান তারা ।
মানববন্ধন শেষে জেলা রিটানিং কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।