০২ নভেম্বর, ২০২১
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। পাঁচ শিশুর মধ্যে এক ছেলে সন্তান ও চার মেয়ে । গর্ভধারণের পাঁচ মাসের মাথায় সদ্য জন্ম নেওয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। রয়েছে হাসপাতালটির ডাক্তারদের নিবিড় তত্বাবধানে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালটিতে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন গৃহবধূ সাদিয়া খাতুন (২৪)। নরমাল ডেলিভারিতে এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫-৬ মাসের মাথায় সাদিয়া খাতুন সন্তান প্রসব করেছেন।
একসাথে পাঁচ সন্তান প্রসবে অনেক ঝুঁকি ছিলো। তবে মা সুস্থ থাকলেও শিশুগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের উৎসুক জনতা ভিড় করেছে। শিশুদের বাবা সোহেল রানা জানান, পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করি। ৫/৬ মাস আগে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। এক সাথে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় আমি খুব খুশি। আমার স্ত্রী বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যেতে বলছেন চিকিৎসকরা। শিশুদের অক্সিজেন চলছে। সন্তানদের লালনপালনে সরকারের সহায়তা কামনা করেন তিনি।
কুষ্টিয়া ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মঙ্গলবার সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ শিশুকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। শিশুগুলোর প্রিম্যাচিউর জন্ম হয়েছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।