হেলেনা জাহাঙ্গীরের জামিন,মুক্তিতে বাধা নেই

২৪ নভেম্বর, ২০২১

রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও জামিন পেয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। এ নিয়ে চার মামলার মধ্যে চারটিতেই জামিন পেলেন হেলেনা। ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না।

আজ  বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিন আদেশ দেন।

এর আগে মোট তিনটি মামলায় জামিন পান হেলেনা জাহাঙ্গীর। তবে গুলশান থানায় করা এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন না পাওয়ায় তিনি কারামুক্তি পাননি।

উল্লেখ্য,২৯ জুলাই রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশী মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের এ এলিট ফোর্স।

৩০ জুলাই হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করে র‌্যাব-১। মামলায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের মন্ত্রী ও সংস্থাকে কটূক্তি করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে মাদক ও প্রতারণার অভিযোগে করা পৃথক দুই মামলার জামিন মঞ্জুর করেন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে এই তিন মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।