☰
✕

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বিআরটিসির বাসে

২৬ নভেম্বর, ২০২১

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিআরটিসি শিক্ষার্থীদের হাফ ভাড়া নিবে। এ বিষয়ে শিগগিরই বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের জানান, আগামী ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, তবে ভ্রমণকালে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন (হাফ ভাড়া সুবিধা) দেয়ার বিষয়টি আলোচনার জন্য বৈঠক হবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।