জাওয়াদের খবরে আতঙ্কিত উপকূলবাসী

০৫ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলবাসী।তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সাতক্ষীরার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে রোববার (৫ ডিসেম্বর) দিনব্যাপী মাঝেমধ্যে গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

তিনি বলেন, সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত এভাবে চলতে থাকবে। দুপুরের পর আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাওয়াদের প্রভাবে উপকূলীয় অঞ্চল নিরাপদ থাকবে। তবে উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের খবর এলেই সাতক্ষীরার উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতি বছরই দুর্যোগের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা।