☰
✕

কক্সবাজার থেকে চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১১ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে শনাক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। এরপর ওসির নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও এএসআই স্বপন দাশের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।