১২ ডিসেম্বর, ২০২১
কানাডা প্রবেশ করতে না পেরে চেষ্টা দুবাইয়ে ঢুকার। সেখানেও ব্যর্থ হয়ে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান রোববার বিকেলেই দেশে ফিরছেন।দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটে বাংলাদেশে আসবেন তিনি। সকাল ১০টার মধ্যে এয়ারলাইন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়। কিন্তু ওই ফ্লাইটে ডা: মুরাদ হাসান আসেননি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্যের ব্যাপারে সমালোচনার মধ্যেই একটি টেলিফোন আলাপ ফাঁস হয় গত রোববার। তখন তীব্র নিন্দার মুখে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান।এরপর গত সোমবার রাত প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে কানাডার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান মুরাদ হাসান।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, করোনা সংক্রমণের সময় কানাডার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি সে দেশে প্রবেশ করতে পারেননি। এরপর তার পরবর্তী গন্তব্য কোথায়, সেটা কানাডার কূটনৈতিক সূত্রগুলো স্পষ্ট করে জানাতে পারেনি।
কানাডাভিত্তিক একাধিক অনলাইনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর মুরাদ হাসানকে ফিরিয়ে দেয়া হয়। বিশেষ করে বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার নাগরিকদের অভিযোগের কারণে ভিসা থাকার পরও উত্তর আমেরিকার দেশটিতে প্রবেশের সুযোগ পাননি তিনি।কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথে রওনা দেন। সেখান থেকে আজ সকালে দেশে ফেরার কথা ছিল তার। পরে জানা গেল, তিনি ফিরবেন বিকেলে।