২৩ জানুয়ারী, ২০২২
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে এবার ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ঠান্ডা, গলা ব্যাথা, মাংশ পেশীতে ব্যাথা, হালকা জ¦র ছাড়া অন্য কোনো গুরুতর উপসর্গ নেই।
আজ রোববার যবিপ্রবির জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনার নতুন এ ধরণ শনাক্তের বিষয়টি প্রকাশ করে। গবেষক দলটি গত ৩১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ হতে ১৯ জানুয়ারি ২০২২ খ্রি. পর্যন্ত সর্বোমোট ৪১ জনের (২৬ জন পুরুষ ও ১৫ জন নারী) নমুনার স্যাঙ্গার সিকুয়েন্সিং-এর মাধ্যমে ৩৫ জনের প্রাথমিকভাবে ওমিক্রন শনাক্ত করে। বাকিগুলো ডেল্টা ধরণ বলে শনাক্ত করা হয়েছে। গত ১২ জানুয়ারি জিনোম সেন্টারে তিন জনের নমুনার পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে ওমিক্রন শনাক্ত করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে মোট ৩৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত করা হলো।
যবিপ্রবির জিনোম সেন্টার থেকে জানানো হয়, জিনোম সেন্টারে ৩৮ জনের নমুনার মধ্যে পূর্বেই ৩টি নমুনার পূর্ণাঙ্গ জীবন রহস্য (হোল জিনোম সিকোয়েন্স) উন্মোচন করা হয়েছিল। বাকি ৩৫ জনের স্পাইক প্রোটিনের স্যাঙ্গার সিকুয়েন্সিং-এর মাধ্যমে ১২ থেকে ১৩টি মিউটেশনের উপর ভিত্তি করে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। তাঁদের বয়স ২০ থেকে ৭১ বছরের মধ্যে। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে করোনার নতুন এ ধরণ শনাক্ত করা হয়। তিনি বলেন, যদিও শনাক্তের বিচারে আক্রান্তদের এখনো গুরুত্বর উপসর্গ নেই। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে উদ্বেগের ধরণ বলে আখ্যায়িত করেছে।