২৮ ফেব্রুয়ারি, ২০২২
রোববারের লড়াই খুবই কঠিন ছিল বলে জানালো ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববারের লড়াই ছিল সবচেয়ে কঠিন। আকাশ ও মাটিতে তাদের রাশিয়ার আক্রমণের মোকাবিলা করতে হয়েছে। আর মাটিতে চারদিক থেকে গোলা এসে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান একসঙ্গে এসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইউক্রেনের সেনার দাবি, তারা রাশিয়ার একটি হেলিকপ্টার এবং একটি ড্রোন ধ্বংস করতে পেরেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে দ্বিতীয় দিনেও লড়াই হয়েছে। তবে তার তীব্রতা আগের দিনের থেকে কম ছিল। তবে খারকিভের লড়াই ছিল খুবই তীব্র। রাশিয়া সেখানে বিমান থেকে সমানে ক্ষেপণাস্ত্র ও কামান থেকে গোলা ছুঁড়েছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনের ভিতর ঢুকে পড়েছে। তবে ইউক্রেনের সেনাও তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে।
জেলেনস্কির বক্তব্য
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোনে জেলেনস্কি বলেছেন. ইউক্রেনজুড়েই রাশিয়ার সেনার সঙ্গে ইউক্রেনের বাহিনীর লড়াই চলছে।
জনসন জানিয়েছেন, জেলেনস্কি অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন। এই অবস্থায় যুক্তরাজ্যের পক্ষে যা করা সম্ভব তা করা হবে। যুক্তরাজ্য ও তার শরিক দেশগুলি থেকে ত্রাণসাহায্যও ইউক্রেন পৌঁছেছে।
সূত্র : ডয়চে ভেলে