২৬ মার্চ, ২০২২
মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে গেছে। দুর্ঘটনায় বাল্কহেডে থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। দু’জনের বাড়ি মানিকগঞ্জে।
আজ শনিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া বাল্কহেডের জীবিত উদ্ধার হওয়া তিনজন ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ সেটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানাসহ মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) কোনো মতে সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন দু’জন।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বাল্কহেড ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিমও রয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় লঞ্চটি আটক করা যায়নি।