নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিএনপির গণঅনশন

৩০ মার্চ, ২০২২

চাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে গণঅনশন করেছে বিএনপি। আজ শহরের লালদিঘী পাড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর উপজেলা বিএনপি আয়োজিত অনশন কর্মসূচী সকালে ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনশন চলাকালে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে মানুষ হাহুতাশ করছে। প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। এতে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে পারছে না সাধারণ মানুষ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসলে আগামী দিনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।