ট্রেন চলাচল শুরু

১৩ এপ্রিল, ২০২২

রানিং স্টাফদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর সাড়ে সাত ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১টা ৩৯ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

এর আগে আজ ভোর ৬টা থেকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলওয়ের কর্মীরা। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ১৮টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। তবে রেলের কর্মকর্তারা মনে করছেন, এ কারণে শিডিউল বিপর্যয় স্বাভাবিক। শিডিউল আজ বা আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে।

বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবি মেনে নেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর পরিপ্রেক্ষিতে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করেন রেলওয়ের রানিং স্টাফরা।

রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে সকাল বেলা থেকে আমাদের ট্রেন চলাচল বন্ধ। আমরা জানতে পেরেছি আমাদের যারা রানিং স্টাফ তাদের কিছু দাবি দাওয়া এবং একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করার কারণে তারা এই চরম কর্মসূচি ঘোষণা করেছে। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধের কারণ আমরা নিজেরাও জানি না, আমাদের আগে জানানো হয়নি। রেল বিভাগে যারা রানিং স্টাফ তারা রানিং অ্যালায়েন্স পেয়ে থাকেন। এ রানিং অ্যালায়েন্স পেনশনের সঙ্গে পরে যুক্ত হয়। এ সবই তারা পেয়ে আসছিল। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুবিধাগুলো বন্ধ করে দেয়া হয়।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এসব ট্রেনের যাত্রীরা যেতে পারেননি বলে তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে।