২০ এপ্রিল, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে ডেইলি নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শাহাব উদ্দীন ওয়াশিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা ৪৫মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সমিতির সদস্যরা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অনি আতিকুর রহমান (মানবকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান (দেশ রূপান্তর), দপ্তর সম্পাদক তাজমুল জায়িম (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ডেল্টা টাইমস), প্রচার সম্পাদক মুতাসিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন) ও কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ (বাংলাদেশ জার্নাল)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক এবং ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
ফল ঘোষণাকালে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা সমিতি এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।