২২ মে, ২০২২
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন বদি। কিন্তু আবেদন উত্থাপিত হয়নি মর্মে চলতি বছরের ১৮ জানুয়ারি সেটি খারিজ করে দেন আদালত। তারপর তিনি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন।