০৯ জুলাই, ২০২২
ভারতের জম্মু ও কাশ্মীরে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অস্থায়ী তাঁবু ভেসে গিয়ে অন্তত ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি হয়। এর ফলে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলটির একটি পবিত্র হিন্দু মন্দিরের বেস ক্যাম্পের বেশ কয়েকটি অস্থায়ী তাঁবু ভেসে যায়।
ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের (এনডিআরএফ) প্রধান অতুল কারওয়াল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে মনে হচ্ছে। ভূমিধস নেই। বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে উদ্ধার কাজে কোনো সমস্যা হয়নি।’
তিনি বলেন, ১০০ জনের চারটি এনডিআরএফ টিম উদ্ধার কাজে চালাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলে কাজ করছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবল বর্ষণে প্রাণহানির ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন।
‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা’ জানিয়ে মোদি লিখেছেন— উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।প্রতি বছর বার্ষিক তীর্থযাত্রার অংশ হিসেবে হাজার হাজার হিন্দু এ মন্দিরটি পরিদর্শন করে থাকে।
সূত্র : ইউএনবি