প্রতিরক্ষায় তাইওয়ানের রেকর্ড বরাদ্দ

২৬ আগস্ট, ২০২২

চীনের সাথে সামরিক চাপ উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা বাজেটে রেকর্ড বরাদ্দ করেছে তাইওয়ান।

শুক্রবার বাজেট প্রস্তাবে ওই দেশের সরকার আগামী বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৩.৯ শতাংশ বাড়িয়েছে। ফলে প্রতিরক্ষায় দ্বীপরাষ্ট্রটির মোট বাজেট বরাদ্দ গিয়ে দাঁড়িয়েছে ১৯৪১ কোটি ডলার বা ৫৮,৬৩০ কোটি তাইওয়ান ডলারে। এর মধ্যে ১০,৮৩০ কোটি তাইওয়ান ডলার বরাদ্দ হয়েছে আধুনিক যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার জন্য।

উল্লেখ্য, গত মার্চে চীনও জানিয়েছিল যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৭.১ শতাংশ বাড়িয়ে ২১,১৬২ কোটি ডলারে নিয়ে যাচ্ছে তারা। প্রসঙ্গত, দুই দেশেরই অর্থবছরের মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের আগে থেকেই চোখ রাঙাচ্ছিল চীন। পেলোসির সফর শেষ হতেই চীন তাইওয়ান ঘিরে সেনা মহড়া চালায়। এই আবহে আগামী অর্থবছরে মোট সরকারি ব্যয়ের ১৪.৬ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে তাইওয়ান। এ নিয়ে টানা ছয় বছর তারা প্রতিরক্ষা বরাদ্দ বাড়াল। নতুন বাজেট পেশের পরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, কোনো চাপ দিয়ে তাদের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প বদলানো যাবে না। তবে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সংঘাতও উস্কে দেবে না তাইওয়ান।

সূত্র : আনন্দবাজার পত্রিকা