বাসভাড়া নির্ধারণে আজ বৈঠক

৩১ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম কমার পর এবার গণপরিবহনের ভাড়াও কমানোর ইঙ্গিত পাওয়া গেছে সরকার পক্ষ থেকে।আজ বুধবার এ বিষয়ে মিটিং হওয়ার কথা, সেখান থেকে বাস ভাড়া কমানোর ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এমন ইঙ্গিত দিয়ে বলেন, যেহেতু ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে তাই গণপরিবহনে ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। বুধবার এ সংক্রান্ত একটা মিটিং হবে, সেখানে ঘোষণা দেওয়া হবে। তবে ভাড়া কত কমবে সেটি মিটিংয়েই জানানো হবে।

এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। এদিকে, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা, যা বর্তমানে কার্যকর রয়েছে।