২৮ সেপ্টেম্বর, ২০২২
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। গতকাল পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তুষার কান্তি রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়।
এর আগে গত রবিবার (২৫ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে মহালয়া দেখতে যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় ৩১ জন নারী, ১৬ জন পুরুষ ও ২১ জন শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপর পাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রবিবার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০-৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, আমাদের উদ্ধার কাজ চলছে। যদি একজনও নিখোঁজ থাকে তাকে উদ্ধারে কাজ চলবে।