☰
✕

কাচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

০৯ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের কাচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

আহত ছয়-সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।