১১ ডিসেম্বর, ২০২২
রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার ৯ মাস পেরিয়েছে। গত মাস থেকে দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়ার বাহিনী। নভেম্বরে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। শহরের প্রায় অর্ধেক মানুষ এখনো বিদ্যুৎহীন।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ পরিচালন প্রতিষ্ঠান ইউক্রেনারগোর প্রধান ভলোদিমির কুদরিতস্কি বলেন, সাম্প্রতিক রাশিয়ার হামলায় পুরো ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। আমরা কঠিন একটি সময় পার করছি। তবে দ্রুত মেরামতকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: আল জাজিরা