১৭ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ার দৌলতপুর দুই ভাইকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গতকাল রাতে ঢাকা আশুলিয়ার কুরগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করেন। আজ সকালের দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, কোম্পানী কমান্ডারের কার্যালয় থেকে প্রেস বিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদেরকে জানান কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
গ্রেপ্তারকৃত পলাতক আসামী হলেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারপাড়া এলাকার আনারুল ইসলাম পাইলটের ছেলে সুমন। এ সময় কোম্পানী কমান্ডার বলেন গত ২০০৭ সালের ০৪ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া জেলার সদর উপজেলার জগতি এলাকার দুই ভাই মনিরুল (২৪) ও মাসুম (২০)কে অপহরন করে দুবর্ৃৃত্তরা। পরদিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোদালকাটি মাঠের একটি হলুদ ক্ষেত থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতদের মা বাদী হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় গ্রেফতারকৃত সুমনকে প্রধান আসামি সহ সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে আদালতে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১৯ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোঃ তাজুল ইসলাম ০৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-টাকা জরিমানা করে রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই জন আসামি আসাদুল ও মিনাল আদালতে উপস্থিত ছিলেন। সুমনসহ অপর তিন আসামি জামিন হওয়ার পর থেকে পলাতক ছিল। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে তিনি জানান।