১৬ মে, ২০২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন (১৬) ও মনির হোসেন নামে দুই বন্ধুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
রিয়াদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক এবং মনির কালিয়াকৈরের খয়েরদির চর গ্রামের হেলাল শেখের ছেলে। তারা দুই বন্ধু আইস মার্কেট এলাকার মহির উদ্দিনের বাড়িতে মা-বাবার সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। তারা সিলভিয়া ফোর্থ গিয়ার নামক একটি জুতা তৈরির কারখানায় চাকরি করতেন।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে রিয়াদ। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে আইস মার্কেট দক্ষিণ পাড়া এলাকার নির্জন স্থানের কড়ই গাছের ডালে একই রশিতে দুই বন্ধুর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।