☰
✕

ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ

১১ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ পেয়েছে। তার নাম আমান উল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিয়ে সক্রিয় রয়েছেন তিনি। তবে অভিযুক্ত আমান বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একটি জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আমান উল্লাহ আমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয় কিংবা পদমর্যাদা যা-ই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করা, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।