রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

২৩ মে, ২০২৩

রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় সূত্রধর (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাওয়ালি বাজার মহেরা গ্রামের রামকৃষ্ণের ছেলে এবং তিনি বাড্ডা এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হৃদয় অন্যদের সঙ্গে আজমপুরের হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির বিলবোর্ড লাগাতে যান। হৃদয় আরেকজনের সঙ্গে সিঁড়ি বেয়ে একটি ভবনের উপরের অংশে ওঠার চেষ্টা করছিল।

দুপুর ১২টার দিকে ভবন সংলগ্ন মইটি হঠাৎ তার ওপরে পড়ে গেলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাদের উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।