ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে’র ফল আজ

০৭ জুন, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল বুধবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

গত ৬ মে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়েছেন ৪২ জন করে। 

এর আগে, গত সোমবার প্রকাশ করা হয় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল।