রায়পুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২২ জুন, ২০২৩

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে পানিতে ডুবে মুস্তাকিম (৩) ও আহাদ মিয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসি কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়ার খোরশেদ মিয়ার ছেলে।

বুধবার (২১ জুন) উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ইউপি মেম্বার ফরিদ মিয়া ও চরসুবুদ্ধি ইউপি মেম্বার গাজীউর রহমান।

জানা যায়, মায়ের সঙ্গে নানাবাড়ি শ্রীনগরের ভেলুয়ারচরে বেড়াতে যান শিশু মুস্তাকিম। বুধবার দুপুরে সে তার নানির সঙ্গে স্থানীয় বিলে গোসল করতে যায়। নানি গোসল শেষে নাতিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। কিছুক্ষণ পরই খবর পান বিলের পানিতে ভেসে উঠেছে মুস্তাকিমের লাশ।

পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। বিকেলে স্বজনরা নিহতের লাশ তার বাবার বাড়ি চরসুবুদ্ধিতে নিয়ে যান। সেখানে জানাযা শেষে মুস্তাকিমের দাফন সম্পন্ন হয়।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে চরসুবুদ্ধির মোদাফত পাড়া এলাকায় সাবেক হাইরমারা ইউপি চেয়ারম্যান বাবলার পুকুরে গোসল করতে নামে শিশু আহাদ মিয়া। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।