১১ জুলাই, ২০২৩
ভারতে বিয়েবাড়ি যাওয়ার পথে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস খালে পড়ে নিহত হয়েছেন ৭ জন। গুরুতর আহত আরো ৩০ জন।
সোমবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার এই দুর্ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাস চালানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলেন চালক। এর আগে গত রোববারই অন্ধ্রপ্রদেশের একটি দুর্ঘটনায় নিহত হন ৬ জন। একই রাজ্যে পরপর এত দুর্ঘটনা কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গেছে, পোধিলি থেকে একটি বাস ভাড়া করে কাকিনাড়ায় যাচ্ছিলেন একদল যাত্রী। ৪৫ জন মিলে একসাথে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারা। কিন্তু বাসের চালক প্রচণ্ড গতিতে বাস চালাচ্ছিলেন। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা খালে পড়ে যায় বাসটি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস চালানোর সময়ে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে খালে পড়ে গেছে বাসটি।
সূত্র : সংবাদ প্রতিদিন