০৩ আগস্ট, ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় নিজ বসতঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকার বালুচর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী ছালেখা বেগম (৫২)। তিনি চার মেয়ে ও দুই ছেলের জননী।
ওসি হিল্লোল রায় জানান, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় সেখানে গেলে তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। পিবিআইর একটি দল ঘটনাস্থলেই রয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।