পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড

০৮ আগস্ট, ২০২৩

পাবনায় মাদক মামলায় সদর উপজেলার গয়েশপুরের দু’জনের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন  আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের ( জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায়  ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-পাবনা সদর উপজেলার গয়েশপুর-নিকারীপাড়ার ইয়াকুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম (২৪)। রায় ঘোষণার সময় আমামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ গয়েশপুরের নিকারীপাড়া থেকে ২০১৮ সালের ২০ জানুয়ারি মাদক ব্যবসার অভিযোগে সাদ্দাম হোসেন এবং শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক।