০৯ আগস্ট, ২০২৩
রংপুর বিভাগে গত এক সপ্তাহে প্রায় সাড়ে ৫’শ’র বেশি রোগী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড তৈরি করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এডিস মশা নির্মুলে কার্যকর কোন পদক্ষেপ নেই বলে মনে করছেন স্থানীয় জনগণ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ ৮টি জেলা হাসপাতালে পহেলা আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জন, ২ আগস্ট ৭৫ জন, ৩ আগস্ট ৬৮ জন, ৪ আগস্ট ৩৩ জন, ৫ আগস্ট ৬৮ জন, ৬ আগস্ট ৮৭ জন এবং ৭ আগস্ট ৮৮ জন, ৮ আগস্ট ৬০ সহ মোট ৫৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এপর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০ জন। ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২০০ জন। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ২০৯ জন।
ডেঙ্গুর প্রাদূর্ভাব রোধে সিটি করপোরেশন লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রাখলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন অনেকে। ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় নগরীতে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করতে পারছে না সিটি করপোরেশন।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, রংপুর নগরীর সাবেক পৌরসভার ১৫টি ওয়ার্ড সিটি কর্পোরেশনের মূল শহর। ইতোমধ্যে কয়েকটি স্থানে আমরা এডিস মশার লার্ভা পেয়েছি। নগরবাসীকে সচেতন করতে প্রচারণা অব্যাহত রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইউনুস আলী বলেন, আমরা ৪০ থেকে ৪৫ শয্যার মহিলা ও পুরুষদের জন্য দুটি আলাদা ওয়ার্ড তৈরী করার প্রস্তুতি নিচ্ছি।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ বলেন, রংপুর বিভাগের ৮ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সব সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিকে প্রস্তুত রয়েছে।