০৯ আগস্ট, ২০২৩
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরে সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি সান্তাহার পৌরসভায় চাকরি করতেন―বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী পান্না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এ সময় সান্তাহারের দিক থেকে আসা বাতিবিহীন একটি বেপরোয়া গতির ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।