২৪ আগস্ট, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতালে যান তিনি।
হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে, গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।
গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে। খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতি জরুরি। তাই, মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।