কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

২৮ আগস্ট, ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন লেবুখালী এলাকায় মালবাহী কভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই উপজেলার মো. রফিজল কাজীর ছেলে ইব্রাহিম ফরাজি (৩৫)।

স্থানীয়রা জানান, ইব্রাহিম রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে বের হয়। এ সময় লেবুখালী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।