০৮ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গুলি করার পর মনজুর হোসেন ওরফে টাক্কুল (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুর হোসেন উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় মনজুর ও তার বন্ধু সেকান্দর আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মনজুর ও সেকান্দর গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। সেকান্দরকে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ বলেন, কারা কি কারণে মনজুরকে গুলি করে হত্যা করা হয়েছে তা জানি না। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ বলেন, মনজুর যুবলীগের কর্মী ছিলেন। হত্যার কারণ এই মুহূর্তে বলতে পারছি না।
রাঙ্গুনিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, মনজুরের দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। গুলি করার পর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।