১৫ অক্টোবর, ২০২৩
কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর ধানখেত থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী পুলিশ। নিহত যুবকের নাম শাহিন আলম (৩৫)। সে মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। রবিবার সকালে উপজেলার বারাইটারী এলাকার কালী মন্দির এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নিহত শাহিন আলম গত দুইদিন থেকে বাড়িতে তাকে পাওয়া যাচ্ছিলনা।পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি। পরে রবিবার সকালে বারইটারী এলাকার একটি ধান খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের পরিবার থেকে জানানো হয়, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে সে বের হওয়ার পর থেকে তার কোন খবর জানা যাচ্ছিলনা। সে তার বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন।এরই মধ্যে তার মরদেহ স্থানীয়রা ধানখেতে দেখতে পান।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।