২৫ অক্টোবর, ২০২৩
রাজধানী ডেমরা সরুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় ছয় তলা থেকে পড়ে মো. নাজমুল ইসলাম (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুলের মামা আকরাম হোসেন জানান, তার ভাগিনা ডেমরার সুরুলিয়া স্টাফ কোয়াটার দারুন নাজাত কামিল মাদরাসার শিক্ষার্থী। মাদরাসার ছয় তালার ছাদে গেলে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নাজমুল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দোলখার গ্রামের মাইনউদ্দিনের সন্তান। মাদরাসার দাখিলে পড়াশোনা করত, সেখানেই খানেই থাকতো সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।